ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা রেকর্ডের জন্য আগামী বুধবার বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তফসিল বিষয়ে সিইসির ভাষণের রেকর্ড প্রসঙ্গে সচিব বলেন, ‘আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিলের বিষয়ে ভাষণ দেবেন। এটা ১০ ডিসেম্বর রেকর্ড করা হবে। এই বিষয়ে বিটিভি ও বেতারকে ইসির পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে।’
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। ভাষণে সিইসি জনগণকে সংসদ নির্বাচনে ভোট দেওয়া এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানাবেন।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণ রেকর্ড করা হয়নি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সরাসরি বিটিভি ও বেতারে তফসিল ঘোষণা করেন।
আর এবার আগে থেকে রেকর্ড করে রাখা ভাষণ একযোগে প্রচার করা হবে।


