যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে শুরু, আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচেও অব্যাহত থাকল বাংলাদেশ নারী ক্রিকেট দলের জয়ের ধারা। মঙ্গলবার নেপালের ত্রিভুবনে বিশ্ববিদ্যালয় মাঠে পাপুয়া নিউ গিনিকে ১৬৯ রানের লক্ষ্য দিয়ে ১৩৮ রানে আটকে দিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।
স্বর্ণা আক্তারের অলরাউন্ড নৈপুণ্যে পাওয়া ৩০ রানের এই জয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব প্রায় নিশ্চিত বাংলাদেশ নারী দলের। পরের দুই ম্যাচের একটি জিতলেই পাবে ইংল্যান্ডে অনুষ্ঠেয় মূল পর্বের টিকিট।
টস হেরে ব্যাট করতে নেমে সোবহানা মোস্তারির ৩৪ ও শেষদিকে স্বর্ণার ১৪ বলে ৩৭ রানের দারুণ ক্যামিওতে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান করে বাংলাদেশ। স্বর্ণা গড়েছেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডও। এক ওভার বল করে ৬ রানে এক উইকেটও নেন তিনি, হয়েছেন ম্যাচ সেরা।
সেই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের নৈপূণ্যে ৩৬ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাপুয়া নিউ গিনি।
৩৪ রানে প্রথম দুই উইকেট হারানোর পর অধিনায়ক ব্রেন্ডা তাউর সাথে সিবোনা জিমির ৬৪ রানের জুটিতে লড়াইইয়ে ফেরে পাপুয়া নিউ গিনি। তবে তবে রাবেয়া, রিতু, ফাহিমাদের দারুণ বোলিংয়ে ধসে পড়ে তাদের মিডল অর্ডার। ৯৮/২ থেকে ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৩৮ রানে থামে তারা।
এর আগে দিলারা আক্তারের ৩৫, শারমিন সুপ্তার ২৮ রানের ইনিংসে ভালো শুরু পায় বাংলাদেশ। মাঝে অধিনায়ক জ্যোতি ব্যর্থ হলেও স্বর্ণার চার ছক্কায় করা ১৪ বলে ৩৭ রানের ক্যামিওতে বড় সংগ্রহ আসে বাংলাদেশের।


