ইতোমধ্যে শুরু হয়েছে শাকিব খান অভিনীত ‘সোলজার’-এর শুটিং। সাকিব ফাহাদ পরিচালিত ছবিটির ফার্স্ট লুক ভিডিও প্রকাশ করেছেন প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লি.। একই সঙ্গে শাকিব খানের ফেসবুক পেইজে প্রকাশিত ভিডিওতে তাকে দেখা গিয়েছে অ্যাকশন অবতারে।
‘সোলজার’— নামটি শুনে যেমনটা মনে হয়, এটি হয়তো একজন সৈনিক ও তার সংগ্রামের গল্প। কিন্তু এটি কেবলই যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়। নির্মাতার ভাষ্যমতে, এটি নতুন বাংলাদেশের সেই সাহসী প্রজন্মের গল্প— যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, অধিকার আদায়ে সোচ্চার হয়, এবং দেশের জন্য কিছু করতে চায়। এটি তাদের গল্প বলতে চায়, যাদের বিশ্বাস- আমাদের প্রত্যেকের ভেতরে একজন ‘সোলজার’ আছে। নিজের অবস্থান থেকেই যে ক্রমাগত লড়াই করে চলেছে। তবে বাস্তব ঘটনা-নির্ভর, সমসাময়িক প্রেক্ষাপটে নির্মিত হলেও ‘সোলজার’ দিনশেষে আশাবাদের গল্পও শোনাবে।
শাকিব খান নিজেও এই চরিত্রটি নিয়ে উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, “আগ বাড়িয়ে বলতে চাই না যে একদম ডিফরেন্ট শাকিব খানকে দেখতে পাবেন আপনারা। এটুকু বলতে চাই এই রকম গল্পে আমি আগে কখনও কাজ করি নি। এই গল্প দর্শককে ভাবাবে, অনুপ্রেরণা দেবে। সাহস জোগাবে নিজের ভেতরের সোলজারকে চিনে নিতে।”
ঈদ কেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে ‘সোলজার’ আসছে ঈদ ছাড়াই। পরিচালক সাকিব ফাহাদ মনে করেন,“আমাদের ইন্ডাস্ট্রি ঈদকেন্দ্রিক হয়ে গেছে। ভালো সিনেমা যদি অন্য সময়ও মুক্তি পায়, তাহলে হল মালিক থেকে ডিস্ট্রিবিউটর—সবাই উপকৃত হবেন। আমরা সেই সাহসী উদ্যোগই নিচ্ছি।”
এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। আরও রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ এক ঝাঁক জনপ্রিয় শিল্পী। এটির চিত্রগ্রহণে আছেন কামরুল হাসান খসরু।


