দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদের নিম্নকক্ষ আসনভিত্তিক এবং উচ্চকক্ষ পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ঐকমত্যে পৌছানোর মাধ্যমে একটি সুষ্টু নিরপেক্ষ নির্বাচন হবে।
শুক্রবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে এ প্রস্তাব করেছি। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। আমরা মনে করি এটা হওয়া দরকার। আমরা আশাবাদী যে, তরী ভিড়বে। ঐক্যমতে পৌছানোর মাধ্যমে একটি সুষ্টু নিরপেক্ষ নির্বাচন হবে।’
সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার পথ প্রশস্ত হবে।’
সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি, ইয়ুথ লিডার ও সুজন নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার ও দি হাঙ্গার প্রজেক্ট কেন্দ্রীয় সমন্বয়কারী তাজিমা হোসেন মজুমদার।


