চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করেছে সেমিফাইনাল। বাকি দুটি স্পটের জন্য জমে উঠেছে লড়াই আর সমীকরণের মারপ্যাঁচ। যার মধ্যে পড়েছে পাকিস্তানও। সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে, দ্বিতীয় ম্যাচে হেরেছে ইংল্যান্ডের কাছে। নেট রান রেট নেমে গেছে -০.৪৬১-তে। কাজেই সেমিফাইনালে উঠতে চাইলে তাদের টপকাতে হবে নিউজিল্যান্ডকে, যাদের নেট রান রেট ১.৩৯০।
শুক্রবার রাতে প্রেমাদাসা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের হারে এখনো টিকে আছে পাকিস্তানের সেমির আশা। শনিবার রাতে শ্রীলংকাকে শুধু হারালেই হবে না তাদের, জিততে হবে নির্দিষ্ট ন্যুনতম রানের ব্যবধানে কিংবা বল হাতে রেখে।
শ্রীলংকার বিপক্ষে পাল্লেকেলতে যদি পাকিস্তান আগে ব্যাট করে, তাহলে তাদের কমপক্ষে ৬৪ রানের ব্যবধানে জিততে হবে। আর যদি পরে ব্যাট করে, সেক্ষেত্রে শ্রীলংকার দেয়া লক্ষ্য তাদের টপকে যেতে হবে ১৩.১ ওভারে। এই দুই সমীকরণের একটি মিললেই নেট রান রেটে নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে উঠবে পাকিস্তান।


