কক্সবাজারের নুনিয়াছড়ায় সেন্টমার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে আগুন লেগেছে।
শনিবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এ যাত্রী ওঠানোর আগমুহূর্তে অগ্নিকাণ্ড হয়।
আটলান্টিক ক্রুজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, যাত্রী পরিবহনের জন্য নোঙ্গর থেকে ঘাটে আসার সময় হঠাৎ জাহাজের ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। তবে কী কারণে অগ্নিকাণ্ড হয়েছে, তা জানা যায়নি।
এরপর ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শতাধিক যাত্রীকে অন্য জাহাজ কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন, কেয়ারী সিন্দবাদ ও বে ক্রুজে স্থানান্তর করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, প্রতিদিনের মতো সেন্টমার্টিন দ্বীপে প্রবেশের জন্য নির্ধারিত ভ্রমণ পাস চেকিং চলছিল। হঠাৎ করেই আটলান্টিক জাহাজে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে জাহাজটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ওই সময় সেখানে আরও তিনটি জাহাজ নোঙর করা ছিল।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দায়িত্বরত সরকারি কর্মচারীরা জানান, দুর্ঘটনার পর যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য শনিবার ভোরে যাত্রা করতে না পারা যাত্রীদের রোববার সেন্টমার্টিন পাঠানোর ঘোষণা দেওয়া হয়।


