সিলেট নগরীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজন মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনটি মরদেহেরই গলা কাটা ছিল।
বুধবার সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, এমএ সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২), বাসার গৃহকর্মী সিলেটের জল্লারপাড়ার তাহমিনা (১৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, ‘বাসায় ওয়ারড্রোব ও আলমারিগুলো খোলা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে স্বর্ণালংকার বা অন্য কোনো মূল্যবান জিনিস সরানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
ঘটনাটি ডাকাতি, নাকি এর পেছনে পারিবারিক কোনো শত্রুতা বা পূর্ববিরোধ রয়েছে—সেটিও তদন্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এখানে একটি দলিলও পাওয়া গেছে। সেটিও আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’
হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের বিষয়ে তিনি বলেন, ঘটনাস্থলে আপাতত কোনো অস্ত্র পাওয়া যায়নি।
আবাসিক এলাকার এক বাসিন্দা বুধবার সকালে পুলিশকে ফোন করে জানান, মিতালি ১১১ নম্বর বাড়িটির দরজা বন্ধ এবং দরজার নিচ দিয়ে রক্ত বেরিয়ে আসছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।


