বিএনপি সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় চিকিৎসার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ব্যাংকক যাওয়ার কথা ছিল।
বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তার ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি। এসএস (ইমেগ্রেশন) এ তথ্য নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘আমি পুরোনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম। সেখানে মিলন লেখা নেই। আমার ভুলের কারণে ফেরত আসতে হয়েছে। আমি রাতের ফ্লাইটে ব্যাংকক যাচ্ছি।’
এহসানুল হক মিলন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও জয় পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।


