মতিঝিলের বাফুফে ভবনে বুধবার দেশীয় ফুটবলারদের এক অন্যরকম সংহতি দেখা গেল। বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের অস্তিত্ব রক্ষা এবং দেশের ফুটবলের টেকসই উন্নয়নের লক্ষ্যে ৬ দফা দাবি নিয়ে একত্র হয়েছেন লিগে অংশগ্রহণকারী স্থানীয় ফুটবলাররা। বুধবার বাফুফে সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে তারা সাফ অঞ্চলের খেলোয়াড় কোটা বাতিলের জোর দাবি জানিয়েছেন। খেলোয়াড়দের দাবি, এই কোটা প্রথার কারণে মাঠের লড়াইয়ে পিছিয়ে পড়ছেন দেশীয় ফুটবলাররা।
চিঠিতে ফুটবলাররা তাদের ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে জানিয়েছেন যে, বর্তমানে বিদ্যমান ‘সাউথ এশিয়ান কোটাভিত্তিক খেলোয়াড় অন্তর্ভুক্তি’ নীতিমালা স্থানীয় প্রতিভাদের বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রথম প্যারাগ্রাফেই পরিষ্কার করা হয়েছে তাদের মূল বার্তা, লিগে দেশীয় ফুটবলারদের সুযোগ না বাড়লে দীর্ঘমেয়াদে জাতীয় দলের পারফরম্যান্সে তার নেতিবাচক প্রভাব পড়বে। এই সংকটাপন্ন অবস্থা থেকে উত্তরণে খেলোয়াড়রা সম্মিলিতভাবে তাদের দাবিগুলো তুলে ধরেছেন।
ফুটবলারদের পেশ করা ৬ দফা দাবির প্রধানটি হলো, বিএফএল থেকে সাউথ এশিয়ান কোটা সম্পূর্ণরূপে বাতিল করা। তারা মনে করেন, এই কোটার সুযোগ নিয়ে ক্লাবগুলো বিদেশি খেলোয়াড় টানায় স্থানীয়দের খেলার সুযোগ সংকুচিত হচ্ছে। এছাড়া স্থানীয় খেলোয়াড়দের জন্য অধিক ম্যাচ নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম জোরদার করার দাবিও জানানো হয়েছে।
মাঠের লড়াইয়ের পাশাপাশি নিজেদের পেশাদারিত্বের প্রশ্নেও সোচ্চার হয়েছেন ফুটবলাররা। তাদের চতুর্থ দাবি, লিগে দলের সংখ্যা বাড়াতে হবে, যাতে আরও বেশি খেলোয়াড় পেশাদার ফুটবলে যুক্ত থাকার সুযোগ পান। সেই সঙ্গে খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তার দায়ভার ফেডারেশনকেই নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
খেলোয়াড়দের ৬ দফা দাবি:
১। বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে ‘সাউথ এশিয়ান কোটাভিত্তিক খেলোয়াড়’ নীতিমালা সম্পূর্ণরূপে বাতিল করা।
২। দেশীয় খেলোয়াড়দের জন্য অধিক খেলার সুযোগ নিশ্চিত করা।
৩। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে স্থানীয় খেলোয়াড় উন্নয়ন কার্যক্রম জোরদার করা।
৪। লীগে দল সংখ্যা বাড়াতে হবে।
৫। খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তার দায়িত্ব ফেডারেশনকে নিতে হবে।
৬। বিদেশী খেলোয়াড়দের কোটা কমাতে হবে।
ফুটবলাররা তাদের চিঠিতে উল্লেখ করেন, ‘বাংলাদেশ ফুটবলের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য দেশীয় খেলোয়াড়দের যথাযথ সুযোগ ও গুরুত্ব প্রদান অত্যন্ত জরুরি।’ এখন দেখার বিষয়, খেলোয়াড়দের এই দাবির প্রেক্ষিতে বাফুফে বা লিগ কমিটি কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।


