প্রতিষ্ঠার ৫৬ বছরে জাবি, থাকছে নানা আয়োজন

প্রতিষ্ঠার ৫৬ বছরে জাবি, থাকছে নানা আয়োজন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রতিষ্ঠার ৫৫ বছর পূর্ণ করে ৫৬ বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে আগামী ১২ জানুয়ারি ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা কর্মসূচি নিয়েছে।

১৯৭১ সালের ১২ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এস এম আহসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর আগে, ১৯৭০-৭১ শিক্ষাবর্ষে অর্থনীতি, ভূগোল, গণিত ও পরিসংখ্যান–এই চারটি বিভাগে প্রথম ব্যাচে ১৫০ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রকল্প পরিচালক ছিলেন সুরত আলী খান এবং প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট রসায়নবিদ অধ্যাপক মফিজ উদ্দিন আহমদ।

২০০১ সাল থেকে প্রতি বছর ১২ জানুয়ারি দিনটিকে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালন করে আসছে জাবি প্রশাসন।

বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় পুরাতন কলাভবনের সামনে মৃৎমঞ্চে বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে আনুষ্ঠানিকতা শুরু হবে।

আরও পড়ুন

সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান জাতীয় পতাকা উত্তোলন ও বক্তব্যের মাধ্যমে দিবসটির উদ্বোধন করবেন।

এ সময় উপস্থিত থাকবেন উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ মো. আবদুর রব। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকাল সাড়ে ১০টায় উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে, যা সেলিম আল-দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে।

বেলা ১১টায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সুস্থতা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

বেলা সোয়া ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করা হবে। বেলা পৌনে ১২টায় সেলিম আল-দীন মুক্তমঞ্চে প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে।

বেলা ৩টায় পুতুল নাচ ও কলতান বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই সময়ে কেন্দ্রীয় খেলার মাঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ এবং বিকাল ৪টায় নারী শিক্ষার্থীদের মধ্যে প্রীতি হ্যান্ডবল ম্যাচ আয়োজন করা হয়েছে।

সন্ধ্যা ৬টায় সেলিম আল-দীন মুক্তমঞ্চে ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে আরেকটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ ছাড়া, সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে থাকবে পিঠা মেলা। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আল্পনা ও গ্রাফিতি প্রদর্শন করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad