‘মনপুরা’, ‘বিশ্বসুন্দরী’, ‘হাওয়া’সহ বেশ কিছু নান্দনিক ও ব্যবসাসফল চলচ্চিত্রের প্রযোজক সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে সোমবার (৬ অক্টোবর) শাকিব খানের একটি চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির ব্যানারে দুটি ছবিতে অভিনয় করবেন।
সান মিউজিকের ব্যানারে নির্মিত প্রথম ছবিটি হচ্ছে সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’। সেটির শুটিং শুরু হয়েছে রোববার (৫ অক্টোবর) থেকে। দ্বিতীয়টির বিস্তারিত এখনই জানাতে চায় না প্রতিষ্ঠানটি।
চুক্তি প্রসঙ্গে শাকিব বলেন, ‘সান মিউজিকের নির্মিত প্রতিটি চলচ্চিত্রই রাষ্ট্রীয় সম্মাননাসহ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আর এই প্রতিষ্ঠানের সঙ্গে দুই সিনেমার চুক্তির মাধ্যমে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য নতুন দিগন্তের উন্মোচন হলো।’
তিনি আরও বলেন, ‘আমরা দেশের বাইরে দেখি শীর্ষস্থানীয় উদ্যোক্তারা মূলধারার চলচ্চিত্রে বিনিয়োগ করে একটি ইন্ডাস্ট্রিকে বেগবান করতে প্রতিনিয়ত সাহায্য করছে। দেশের সংস্কৃতির প্রতি ভীষণ অনুরাগী অঞ্জন চৌধুরী ও তার প্রতিষ্ঠান সেক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ স্বরূপ।’
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন, ‘শাকিব খান ২৬ বছরের বেশি সময় ধরে শুধুমাত্র চলচ্চিত্র নিয়েই ভেবেছেন, সময় দিয়েছেন। সেজন্য তাকে সাধুবাদ জানাই। তার সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের যাত্রা ইন্ডাস্ট্রির জন্য নতুন দ্বার উন্মোচন করবে বলে আমার বিশ্বাস।’
চুক্তিতে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু।


