লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী ইউসুফ আলীর (৪০) বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন। তবে এখনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, গত ২০ জুন সকালে বাড়িতে একা ছিল শিশুটি। এ সুযোগে ইউসুফ আলী বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে ইউসুফ পালিয়ে যান।
পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়েছেন হাসপাতালের গাইনি ওয়ার্ডের দায়িত্বে থাকা মিডওয়াইফ স্মৃতি রাণী। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন।
ভুক্তভোগীর স্বজন নাজমা বেগম অভিযোগ করেন, ঘটনার পর থেকে ইউসুফ ও তার স্বজনরা পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছেন। শিশুটিকে হাসপাতালে নিতে সহায়তাকারীদেরও হুমকি দেওয়া হচ্ছে।
কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিক জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। আসামি ইউসুফ আলীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


