দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৮৭৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬৪ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২১ আগস্ট পর্যন্ত সময়ে দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮২৯ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, পরীক্ষাগারে নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৯টি শিশু। এতে করে উপসর্গ ও নিশ্চিত আক্রান্ত মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯২৮ জনে।
একই সময়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৮ হাজার ২০৮ জনে (যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬৪ জন)। অন্যদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়, এ পর্যন্ত উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২৮ হাজার ২২৫ জন রোগী। চিকিৎসা শেষে তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৪ হাজার ৫৫৮ জন।


