দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়ান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াত করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ বাক্যে বলেন, ‘আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধচিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে, আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহীত আচরণ করিব।’
শপথের পর শপথনামায় স্বাক্ষর করেন মির্জা ফখরুল। পরে ভারপ্রাপ্ত স্পিকার তা সত্যায়ন করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, বর্তমান মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানের উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, পদত্যাগের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হয়। সাহাবুদ্দিনের পদত্যাগে অন্তর্বর্তী সময়ের রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সেই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হয়। নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ছিলেন অলি আহমদ।
৩৫ বছর পর আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ সংসদ সদস্যের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। বিরোধী অলি আহমদ পান ৮৮ ভোট।
ভোট গণনা শেষে বিকালে সংসদ কক্ষে ফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। রাতেই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
উল্লেখ্য, সংসদে মোট ৩৫০টি আসন থাকলেও এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৯ জন। চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় ওই আসনে বর্তমানে কোনো সংসদ সদস্য নেই। ৩৪৯ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। ছয়জন সংসদ সদস্য ভোট দেননি।
এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর এর আগে সবশেষ ১৯৯১ সালে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হয়েছিল।
আরও পড়ুন>>>
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত
৫৫ বছরে যত রাষ্ট্রপতি পেয়েছে বাংলাদেশ


