রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪০টি মামলা হয়েছে।
রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৩৮, ওয়ারীতে ৪৯, মতিঝিলে ৬৪, তেজগাঁওয়ে ৫৭, মিরপুরে ১৩৭, গুলশানে ৪৫, উত্তরা বিভাগে ৫৮ এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অভিযানে ২৬২ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা, তিনটি ফয়েল পেপার, পাঁচটি গ্যাস লাইট, দুটি ইয়াবা সেবনের পাইপ, একটি কর্ক ও দুটি কয়েন উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া পাঁচটি মোবাইল ফোন, ১ দশমিক ৫ আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


