ভোটকেন্দ্রে বিশেষ ব্যানারে প্রচার হবে গণভোটের: ইসি

Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটারদের সচেতন করতে প্রতিটি ভোটকেন্দ্রে পরিবেশবান্ধব বিশেষ ব্যানার টাঙানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ অনুসারে সংবিধানের কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি আছে কি না, তা যাচাইয়ে এই গণভোট অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটকেন্দ্রের দৃশ্যমান স্থানে এই প্রশ্ন সম্বলিত একটি করে ব্যানার টাঙানো হবে।

নির্দেশনায় ইসি জানায়, পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে এবার ডিজিটাল প্রিন্টের ব্যানার তৈরিতে সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে কমিশন। ব্যানারগুলোতে উপাদান হিসেবে থাকবে ৮০ শতাংশ প্রাকৃতিক কটন ও ২০ শতাংশ ভিসকস মিশ্রিত পরিবেশবান্ধব ফেব্রিক।

ব্যানারগুলো রিঅ্যাক্টিভ ডিজিটাল প্রিন্টের মাধ্যমে ৩ ফিট বাই ৫ ফিট আকারে তৈরি করা হবে। ভ্যাট ও ট্যাক্সসহ প্রতিটি ব্যানারের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮৬ টাকা। ব্যানারের ওপর ও নিচে পিভিসি পাইপ এবং ঝুলানোর হুক থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে দেশের সব সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নিজ নিজ জেলার ভোটকেন্দ্রের সংখ্যা অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর