রাঙ্গুনিয়ার কুলকুরমাই খাল পরিষ্কার করতে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন ৬৫০ জনের বেশি স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে শুক্রবার সকালে শুরু হওয়া এ অভিযানে চট্টগ্রাম বিভাগের ছয় জেলা থেকে স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।
অভিযানে অংশ নিয়ে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেন, রাঙ্গুনিয়াকে পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। বান্দরবান ও কাপ্তাইয়ের সঙ্গে রাঙ্গুনিয়ার যোগাযোগ থাকায় এ উপজেলায় পর্যটনের সম্ভাবনা রয়েছে। তবে খাল, নালা ও আশপাশের পরিবেশ পরিষ্কার না রাখলে সেই সম্ভাবনা কাজে লাগানো যাবে না।
হুমাম কাদের চৌধুরী বলেন, ‘রাঙ্গুনিয়াকে পর্যটনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। খালগুলো দূষিত থাকলে পর্যটক আকর্ষণ করা সম্ভব নয়। পর্যটন উন্নয়নের প্রথম ধাপ হতে হবে পরিবেশ পরিষ্কার রাখা।’
ডেঙ্গু প্রতিরোধেও খাল ও নালা পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেন তিনি। তার ভাষ্য, দূষিত ও জমে থাকা পানিতে ডেঙ্গুর লার্ভা জন্মায়। তাই ডেঙ্গুর ঝুঁকি কমাতে পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি।
বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের প্রশংসা করে হুমাম বলেন, তারা অর্থ বা প্রচারের প্রত্যাশা ছাড়াই পরিচ্ছন্নতা ও জনসচেতনতা তৈরিতে কাজ করছেন। মানুষের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, রাঙ্গুনিয়ায় প্রথমে ৪০০ থেকে ৫০০ স্বেচ্ছাসেবক নিয়ে অভিযান পরিচালনার পরিকল্পনা ছিল। পরে বিডি ক্লিনের কার্যক্রম ও স্বেচ্ছাসেবকদের আগ্রহ দেখে কর্মসূচির পরিধি বাড়ানো হয়। এতে ৬৫০ জনের বেশি স্বেচ্ছাসেবক যুক্ত হন।
শুধু ডাস্টবিন স্থাপন করলেই পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বিভিন্ন ইউনিয়ন ও বাজারে বিনা মূল্যে ডাস্টবিন দেওয়া হলেও অনেক মানুষ সেগুলো ব্যবহার না করে আশপাশে ময়লা ফেলছেন। তাই পরিচ্ছন্নতা ধরে রাখতে মানুষের আচরণ ও অভ্যাসে পরিবর্তন আনা প্রয়োজন বলে জানান তিনি।
বিডি ক্লিনের প্রতিনিধি জহিরুল ইসলাম রাবি বলেন, ২০১৬ সাল থেকে সংগঠনটি সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে ৫৭ জেলা ও ১৬৫ উপজেলায় তাদের কার্যক্রম চলছে।
তিনি বলেন, রাঙ্গুনিয়ার পরিচ্ছন্নতা অভিযান আয়োজনের আগে বিডি ক্লিনের একটি দল এলাকায় গিয়ে কুলকুরমাই খালের অবস্থা পরিদর্শন করে। পরে কর্মসূচি চূড়ান্ত করা হয়। শুক্রবার দিনব্যাপী খালটি পরিষ্কারের কাজে স্বেচ্ছাসেবকেরা অংশ নেবেন।


