সাতক্ষীরার শ্যামনগরে অনিমেষ পরমান্য (৫০) নামে এক পশু চিকিৎসককে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে রোগী দেখার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এ ঘটনায় অপহৃতের ভাই প্রিয়নাথ পরমান্য শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অনিমেষ পরমান্য উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত নিতাই পরমান্যের ছেলে। তিনি ওই ইউনিয়নে কৃত্রিম প্রজনন কর্মী হিসেবে দায়িত্বরত।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ১০টার দিকে অনিমেষ বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় তার মোবাইল ফোন বন্ধ থাকার পর সন্ধ্যা ৭টার দিকে এক অপরিচিত ব্যক্তি অনিমেষের ফোন থেকে তার পরিবারের কাছে কল করে। ওই ব্যক্তি অনিমেষকে জিম্মি করার কথা জানিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং বিষয়টি গোপন রাখতে সতর্ক করে।
নিখোঁজ ব্যক্তির ভাইপো সুব্রত পরমান্য দাবি করেন, রোববার অনিমেষ ও প্রতিবেশী খলিলের যৌথভাবে একটি জমি কেনার কথা ছিল। সাড়ে ২২ লাখ টাকা মূল্যের ওই জমির খসড়া চূড়ান্ত করতে শনিবার দালালের সঙ্গে অনিমেষের শ্যামনগর সদরে যাওয়ার কথা ছিল। জমি কেনার জন্য গচ্ছিত টাকা হাতিয়ে নিতে তাকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করছে পরিবার।
তবে প্রতিবেশী খলিল হোসেন এই ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস জানান, অনিমেষ নিখোঁজ হওয়ার ঘটনায় সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান জানান, মুক্তিপণ চেয়ে আসা ফোন কলের লোকেশন শনাক্ত করে শনিবার রাত ৩টা পর্যন্ত আশপাশের এলাকায় অভিযান চালানো হয়েছে। সেখানে একটি পরিত্যক্ত বাড়ির সন্ধান মিলেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপহৃতকে উদ্ধারের চেষ্টা চলছে।


