রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে এবং রাঙামাটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দে’র সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাঙামাটি জেলা সভাপতি সমীর কান্তি দে, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সম্পাদক এম জিসান বখতেয়ার, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা প্রমুখ।
এ ছাড়া, কর্মসূচিতে সংহতি প্রকাশ করে মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ।
মানববন্ধনে বক্তারা বলেন, সৈকত রঞ্জন চৌধুরী কেবল একজন পেশাদার সাংবাদিক নন, তিনি একজন সক্রিয় সমাজকর্মীও। গত মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা পরিষদের সামনে থেকে কোনো ধরনের মামলা বা ওয়ারেন্ট ছাড়াই হঠাৎ করেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ সুপারের মাধ্যমে জানা যায়, তাকে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তুলে নিয়েছে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, কোনো পরোয়ানা ছাড়া এভাবে সাংবাদিক তুলে নিয়ে যাওয়া মুক্ত সাংবাদিকতার জন্য চরম হুমকি। ২০২৪-এর পরবর্তী সময়ে আমরা আশা করেছিলাম এমন পরিবেশ থাকবে না, কিন্তু তা এখনো অব্যাহত আছে। আমরা শঙ্কামুক্ত পরিবেশে কাজ করতে চাই এবং অবিলম্বে সৈকত রঞ্জন চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।
গত মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা পরিষদের সামনে থেকে সৈকত রঞ্জন চৌধুরীকে আটক করে ডিবি। পরে বুধবার একটি সাইবার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তার আইনজীবীরা।


