আগামী ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনের সময় ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের জন্য অন্তত ৪০ হাজার ‘বডিক্যাম’ (বডিওয়্যার ক্যামেরা) কেনার পরিকল্পনা নিয়েছে সরকার।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের সভায় এ বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী এবং ফয়েজ আহমদ তৈয়্যব সভায় উপস্থিত ছিলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘৪০ হাজার “বডি ক্যামেরা”, যা সাধারণত “বডিক্যাম” নামে পরিচিত, সংগ্রহের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’
তিনি বলেন, ‘এই ডিভাইসগুলো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করবে।’
‘আমরা অক্টোবরের মধ্যে “বডিক্যামগুলো” সংগ্রহ করতে চাই যেন পুলিশ বাহিনী এসব “বডিক্যামের” কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতাসহ মূল বৈশিষ্ট্যগুলোর ওপর পর্যাপ্ত প্রশিক্ষণ পেতে পারেন’, যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কর্তৃপক্ষ জার্মানি, চীন এবং থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে ক্যামেরা সরবরাহের জন্য। পুলিশ অফিসার এবং কনস্টেবলরা নির্বাচনের সময় ডিভাইসগুলো তাদের বুকে পরবেন।’
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কর্মকর্তাদের “বডিক্যামগুলো” দ্রুত কেনা এবং হাজার হাজার পুলিশকর্মীর জন্য যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন।
তিনি বলেন, ‘আমাদের অবশ্যই সমস্ত ভোটকেন্দ্রে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, খরচ যাই হোক না কেন। আমাদের লক্ষ্য হলো– ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করা।’
বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আসন্ন ভোটের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালু করার পরিকল্পনার কথাও জানান।
অ্যাপটি ফেব্রুয়ারির নির্বাচনের ওপর বিশদ তথ্য প্রদান করবে। এতে প্রার্থীর বিবরণ, ভোটকেন্দ্রের আপডেট এবং অভিযোগ জমা দেওয়ার ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের অ্যাপটি দ্রুত চালু করার এবং দেশের ১০ কোটির বেশি ভোটারের জন্য এটি ব্যবহারবান্ধব কি না, তা নিশ্চিত করার নির্দেশনা দেন।


