ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুন লেগে তিন নবজাতকের মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে অমরাবতী জেলা মহিলা হাসপাতালের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে (এসএনসিইউ) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৩টার দিকে তৃতীয় তলায় একটি ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। সে সময় ইউনিটটিতে ৩৯ জন নবজাতক চিকিৎসাধীন ছিল। আগুনে তিন নবজাতক গুরুতর দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসকষ্টে মারা যায়।
আগুন লাগার পর চিকিৎসক, নার্সসহ হাসপাতালের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে নবজাতকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। গুরুতর অবস্থায় থাকা ছয় নবজাতককে কাছের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে ঘটনার কারণ ও সম্ভাব্য গাফিলতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের ঘোষণা দেওয়া হয়।
রাজস্বমন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে ঘটনায় গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
এদিকে সাবেক মন্ত্রী ও কংগ্রেস নেতা যশোমতি ঠাকুর অভিযোগ করেছেন, হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থায় প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি ছিল। তার দাবি, অগ্নিনির্বাপণ সরঞ্জাম যথাযথভাবে প্রস্তুত থাকলে আগুন এতটা ছড়িয়ে পড়ত না।
ঘটনার পর হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।


