এখন পর্যন্ত ৮১ শতাংশ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
রোববার জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘হামে আক্রান্ত শিশু মৃত্যুর হার কমে এসেছে। দু-একদিনের মধ্যে ১০০ শতাংশ টিকা দেওয়া শেষ হলে আক্রান্ত ও মৃত্যুসংখ্যা আরও কমে আসবে বলে আশা করছি।’
তিনি জানান, জেলা প্রশাসকদের প্রত্যন্ত অঞ্চলে অ্যাম্বুলেন্সের অভাব দূর করা, ক্লিনিকগুলোতে যাতে ভুল চিকিৎসা না হয় সেজন্য মোবাইল কোর্ট বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া অ্যাম্বুলেন্স নিয়ে দালালি বন্ধ করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কেউ যাতে ভেজাল ওষুধ বিক্রি করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। শিশুদের ব্রেস্ট ফিডিংয়ের জন্য মায়েদের সচেতনতা বৃদ্ধিতেও জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে।
তিনি জানান, সামনে ডেঙ্গু আসছে, সে কারণে ডেঙ্গু আসার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে।
সিভিল সার্জনদের সঙ্গে বসে স্বাস্থ্যের পরিধি যাতে আরও বাড়ানো যায় সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সাপের কামড়ে যাতে মানুষ মারা না যায়, সেজন্য অ্যান্টিভেনম পর্যাপ্ত রাখার কথা বলা হয়েছে।


