ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন – জেলার গৌরীপুর উপজেলার বাড়িওয়ালাপাড়ার এলবার্ট ডেবিট রকি (২৫) ও এলবার্ট ডেবিট সেন্টু (৪০)। তারা দুজনেই পলাতক।
মামলার এজহারে বলা হয়েছে, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গৌরীপুর পাটবাজারে টিপু সুলতান জুয়েলার্সে স্বর্ণের দাম নিয়ে দোকানির সঙ্গে রকি ও সেন্টুর বাকবিতণ্ডা হয়।এ সময় দোকানির চাচাতো ভাই জহিরুল ইসলাম মিঠু বিষয়টি সমাধান করতে এগিয়ে গেলে বাকবিতণ্ডার এক পর্যায়ে সেন্টু ধারালো চাকু দিয়ে মিঠুর বুকে আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুত্বর অবস্থায় মিঠুকে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জহিরুল ইসলাম মিঠুকে মৃত ঘোষণা করেন।
পরদিন জহিরুল ইসলাম মিঠুর বাবা মোহাম্মদ মোখলেছুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করে।
মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা-তর্ক শেষে আদালত এ রায় দেন।


