মেহেরপুরের বাজিতপুর সীমান্ত থেকে দশটি স্বর্ণের বারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
রোববার বিকালে বাজিতপুর বিওপি আওতাধীন আন্তর্জাতিক সীমান্ত পিলারের ৫০ গজ ভেতরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, সদর উপজেলা বুড়িপোতা গ্রামের আব্বাস আলী (৪৫) এবং ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার শাহাপুর গ্রামের মিজান রহমান শেখ (২৪)।
চুয়াডাঙ্গা–৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী জানান, বাজিতপুর ক্যাম্প কমান্ডার শাহজাহান সিরাজের নেতৃত্বে একটি টহলদল ভারতীয় সীমান্তের কাছে পৌঁছালে মিজান ও আব্বাসের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় তাদের তল্লাশি করলে মিজানের কাছ থেকে দশটি স্বর্ণের বার পাওয়া যায়। পরে তাদের আটক করে বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
আসামিদের নামে স্বর্ণ চোরাচালান মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হচ্ছে বলেও জানান তিনি।


