ঢাকার যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশিষ জোয়াদ্দার (৩৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ও টাকা নিয়ে পালানোর সময় বাস ধাক্কায় এক ছিনতাইকারী গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাত ১২টার পর যাত্রাবাড়ী কাঁচামালের আড়তের সামনে এই ঘটনা ঘটে। আশিষ জোয়াদ্দার (৩২) মাগুরা সদরের পাতুরিয়া গ্রামের অমল জোয়াদ্দারের ছেলে। তিনি কাপড় ব্যবসায়ী ছিলেন।
রাত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশিষকে হাসপাতালে নেওয়া পথচারী আল আমিন জানান, রাত ১টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে আড়তের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। এ সময় ২-৩ জন তার পথরোধ করে দাঁড়ায় এবং ছুরি দিয়ে আঘাত করে।
তিনি জানান, ওই ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক আশিষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।


