বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদের মালিক হলেন টেক জায়ান্ট ইলন মাস্ক। টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তার মোট সম্পদ বর্তমানে প্রায় ৭৪৯ বিলিয়ন ডলার।
রয়টার্সের খবরে বলা হয়, টেসলার সঙ্গে যুক্ত মাস্কের বিশাল স্টক অপশন গত বছর বাতিল করা হয়েছিল। তা ফিরে পেতে আইনি লড়াই চলছিল ডেলাওয়্যারের আদালতে। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে সুপ্রিম কোর্ট মাস্ককে তার ১৩৯ বিলিয়ন ডলার মূল্যের ওই স্টক অপশন ফিরিয়ে দেওয়ার আদেশ দেয়।
ফোর্বসের বিলিয়নেয়ার্স সূচকের তথ্য অনুযায়ী, ঐতিহাসিক এই রায়ের পর বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় নতুন রেকর্ড গড়ে ৭৪৯ বিলিয়ন ডলারের মালিক হলেন এই ধনকুবের।
এই স্টক অপশন বাতিল হওয়ায় এর আগে যেসব কোম্পানিতে তার অংশ রয়েছে এবং তিনি পরিচালনায় সরাসরি যুক্ত আছেন, তাতে পারিশ্রমিক ও সম্পদ নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল।
এই স্টক অপশনগুলো মূলত ২০১৮ সালে অনুমোদিত মাস্কের পারিশ্রমিক প্যাকেজের অংশ ছিল। তখন এর মোট মূল্য ধরা হয়েছিল প্রায় ৫৬ বিলিয়ন ডলার। তবে দুই বছর আগে ডেলাওয়্যারের একটি নিম্ন আদালত বিপুল পারিশ্রমিক পাকেজের এই চুক্তিকে ‘অবিশ্বাস্য’ আখ্যা দিয়ে বাতিল করে দেয়।
শুক্রবার মাস্কের পক্ষে ঘোষিত রায়ে ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট জানায়, ২০২৪ সালে যে রায়ের মাধ্যমে মাস্কের পারিশ্রমিক প্যাকেজ বাতিল করা হয়েছিল, তা যথাযথ ছিল না এবং মাস্কের প্রতি অন্যায় করা হয়েছে। ফলে সেই রায় বাতিল করে তার পারিশ্রমিক প্যাকেজ পুনর্বহাল করা হয়।
এই ঘটনার আগেই চলতি সপ্তাহে আরও একটি বড় মাইলফলক ছুঁয়েছিলেন ইলন মাস্ক। ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে তিনি ৬০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হন।
সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্কের মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স শিগগিরই শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারে। এর পরপরই হুড়হুড় করে বাড়তে থাকে স্পেসেক্সের শেয়ার মূল্য। স্পেসএক্সে বিনিয়োগ করতে এরইমধ্যে হুমড়ি খেয়ে পড়েছেন অসংখ্য বিনিয়োগকারী।
এর আগে, গত নভেম্বরে ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলার শেয়ারহোল্ডাররা আলাদাভাবে মাস্কের জন্য প্রায় এক ট্রিলিয়ন ডলারের একটি নতুন পারিশ্রমিক পরিকল্পনা অনুমোদন করেন।
এটিকে ইতিহাসের সবচেয়ে বড় কর্পোরেট পারিশ্রমিক প্যাকেজ হিসেবে দেখা হচ্ছে। বিনিয়োগকারীরা মূলত টেসলাকে বৈদ্যুতিক গাড়ির কোম্পানি থেকে এআই ও রোবোটিক্সভিত্তিক প্রযুক্তি জায়ান্টে রূপান্তরের মাস্কের দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতি আস্থা রেখেই এই সিদ্ধান্ত নেন।
ফোর্বসের সবশেষ তালিকা অনুযায়ী, ইলন মাস্ক এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার মোট সম্পদ গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের তুলনায় প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি। এর মাধ্যমে ধনসম্পদের ব্যবধানে বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যেও তিনি প্রায় অধরা অবস্থানে পৌঁছে গেছেন।


