নির্বাচন এবং গণভোট সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা করতে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন নির্বাচন কমিশনের(ইসি) সদস্যরা।
আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সম্মেলন কক্ষে রোববার দুুপুর ১২টায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানরা ইসি সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান।
রুহুল আমিন জানান, এরপর দুপুর আড়াইটায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে। সভাশেষে বেজমেন্টে গণমাধ্যমে এ বিষয়ে ব্রিফিং করা হবে।
ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নির্বাচন এবং গণভোট সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত একটি সভা রোববার সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।’
সভায় নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম নিয়ে আলোচনা হবে।
প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী আচরণ বিধি প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার সাথে সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা এবং বিবিধ বিষয়ে আলোচনা হবে


