যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি রেস্তোরাঁর ভেতরে গুলিবিদ্ধ হয়ে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক বাংলাদেশি।
স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টার দিকে ব্রাউনসভিল এলাকার রকওয়ে অ্যাভিনিউয়ের আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজা রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশির নাম মো. রাজু (৪৪)। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কংশনগর গ্রামের বাসিন্দা।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজের খবরে বলা হয়, জরুরি সহায়তা নম্বরে ফোন পেয়ে শনিবার মধ্যরাতের পর পুলিশ ওই রেস্তোরাঁয় গিয়ে ৪৪ বছর বয়সী এক ব্যক্তিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তিনি হালাল ফাস্টফুড রেস্তোরাঁর কর্মী ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় ৩৯ বছর বয়সী আরেক বাংলাদেশি পায়ে গুলিবিদ্ধ হন। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাজুকে মৃত ঘোষণা করেন।
ব্রুকলিন পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে পাওয়া আলামত ও রেস্তোরাঁর ভেতরের ভিডিও ফুটেজ পর্যালোচনা করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। কি কারণে এই গুলির ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই এলাকার বাসিন্দারা জানান, রাস্তার ওই অংশে থাকা দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে তারা সবসময় নিরাপদ বলেই মনে করতেন। হামলার কারণ ছিনতাই, নাকি ব্যক্তিগত কোনো বিরোধ- তা স্পষ্ট না হলেও ঘটনাটি তাদের জন্য গভীর উদ্বেগের।
স্থানীয়রা জানান, আমেরিকান বেস্ট রেস্তোরাঁর কর্মীরা ক্রেতাদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতেন।
মেলভিন আরবি নামের এক ব্যক্তি বলেন, ‘এখানে ছিনতাইয়ের ঘটনাও খুব একটা শোনা যায় না, গুলির ঘটনা তো আরও নয়। তাই আমি সত্যিই হতবাক। আশা করি, তারা হামলাকারীকে ধরতে পারবে।’
এদিকে রাজুর মৃত্যুর খবর পৌঁছাতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘রাজুর মৃত্যুর বিষয়টি শুনেছি। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে। নিহতের পরিবার তার মরদেহ দেশে আনতে সরকার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।’


