শ্রমজীবীদের ন্যায্য মজুরি নিশ্চিত চায় এইচআরএসএস

শ্রমজীবীদের ন্যায্য মজুরি নিশ্চিত চায় এইচআরএসএস
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

শ্রমিকের অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন বক্তারা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করে।

সভায় দেশের শ্রমজীবী মানুষের বর্তমান অবস্থা, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানানো হয়।

সভায় বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশের শ্রমিকরা আজও ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। বিদ্যমান শ্রম আইন থাকা সত্ত্বেও যথাযথ প্রয়োগের অভাবে শ্রমিকরা কাঙ্ক্ষিত সুরক্ষা পাচ্ছেন না। বিশেষ করে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা নানা ধরনের অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন।

বক্তারা জোর দিয়ে বলেন, শ্রমিকের অধিকার কোনো করুণা নয়, বরং এটি সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো অনুযায়ী একটি মৌলিক মানবাধিকার।

আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, মানবাধিকার কর্মী মো. নূর খান এবং বিলস-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আরও পড়ুন

তারা উল্লেখ করেন, ২০২৬ সালের প্রথম তিন মাসেই শ্রমিক অধিকার লঙ্ঘনের ঘটনা এবং হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

এইচআরএসএস’র নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম অনুষ্ঠানে একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রবন্ধে উল্লেখ করা হয়, ২০২৫ সালে ২৬০টি শ্রমিক অধিকার লঙ্ঘনের ঘটনায় ১৬৮ জন কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করেছেন। ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মাত্র তিন মাসেই ১৩৯টি ঘটনায় ৭২ জন শ্রমিক কর্মক্ষেত্রে প্রাণ হারিয়েছেন। এই ঊর্ধ্বমুখী প্রবণতা রোধে শ্রম পরিদর্শন জোরদার এবং শ্রম আদালত সংস্কারের আহ্বান জানানো হয়।

সভায় সরকার ও মালিকপক্ষের প্রতি সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা। তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অপরিহার্য।

শ্রমিকদের স্বার্থ রক্ষায় ট্রেড ইউনিয়নের স্বাধীনতা এবং নারী শ্রমিকদের জন্য বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর