অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটলেও মাঝে মধ্যে উপস্থাপনায়ও দেখা যায় তানজিকা আমিনকে। এবার মাছরাঙা টেলিভিশনের একটি রান্নাবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে পর্দায় আসছেন আলোচিত এই অভিনেত্রী। ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’ নামের এ অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হচ্ছে ১ মে। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
বাংলাদেশের ঐতিহ্যবাহী ১১৮টি রান্নার রেসিপি নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান। দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খাবারের রেসিপিগুলো উপস্থাপন করবেন রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র বিভিন্ন সিজনের শীর্ষ রন্ধনশিল্পীরা। প্রতি পর্বে দু’টি করে রেসিপি থাকবে।
এ অনুষ্ঠানের মাধ্যমে আবার উপস্থাপনায় আসা সম্পর্কে তানজিকা বলেন, ‘অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাটা আমি উপভোগ করি, বিশেষ করে অনুষ্ঠানের কনসেপ্ট যদি পছন্দ হয়। এ অনুষ্ঠানটির ভাবনা এবং আয়োজন আমাকে আকৃষ্ট করেছে। তাই কাজটি করতে সম্মত হয়েছি। আশা করি দর্শকরাও অনুষ্ঠানটি উপভোগ করবেন।’
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুজ্জামান খান।


