ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ নিয়ে নানা অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। ভোটকেন্দ্র থেকে এজেন্টদের পরিকল্পিতভাবে বের করে দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।
সকাল সোয়া ৮টায় শ্রীবরদীর তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মাসুদুর রহমান।
তিনি বলেন, ‘বিভিন্ন ভোটকেন্দ্র থেকে আমার এজেন্টদের পরিকল্পিতভাবে বের করে দেওয়া হচ্ছে। এটি শুধু অনৈতিকই নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর সরাসরি আঘাত। অনেক কেন্দ্রে ভোটারদের প্রকাশ্যে বিএনপির পক্ষে ভোট দিতে বাধ্য করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এমন পরিস্থিতি থাকলে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না।’
ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে এনেছেন জানিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে জোর দাবি জানাচ্ছি।’ একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা চান তিনি।
এ আসনটিতে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকসবাদী)’র প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত আসনটিতে ১২৮টি ভোটকেন্দ্র এবং ৭৫১টি ভোট কক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৭টি, গুরুত্বপূর্ণ ৩২টি ও সাধারণ ভোট কেন্দ্র রয়েছে ৬৯টি।
জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারি এ আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।


