নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাক্টর চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তাহের ওরফে জাহাঙ্গীর (৪৮) একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মুছাপুর গ্রামের মতিন মাঝি বাড়ির আবুল হাসেমের ছেলে। স্থানীয় চৌধুরীহাট বাজারে তিনি চায়ের দোকানদার ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে পারিবারিক কাজে মোটরসাইকেলে স্থানীয় মৌলভী বাজারের উদ্দেশ্যে বের হন জাহাঙ্গীর। পথে উপজেলার মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে পাশ থেকে চাপা দেয়। এতে জাহাঙ্গীর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


