মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
তিনি বলেন, ‘আমরা নির্বাচিত বিএনপি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাব, শেখ হাসিনাসহ যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত বা অন্য দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে পলাতক আছে, তাদের দেশে ফিরিয়ে এনে দ্রুত শাস্তি কার্যকর করতে হবে।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম পরিদর্শনে গিয়ে বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, গত দেড় বছরে মূল আসামির কাউকেই গ্রেপ্তার করা যায়নি। প্রধানতম আসামি শেখ হাসিনা বা ওবায়দুল কাদের; যারা শুধু হুকুমের আসামি নয়, বরং সরাসরি উসকানি দিয়েছে এবং লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ দিয়েছে, তাদের এখনো গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি, এটা আমাদের জন্য বড় উদ্বেগের বিষয়।
আখতার হোসেন বলেন, ‘সরকারকে আন্তর্জাতিক আইন মেনে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। সংস্কার বাস্তবায়ন এবং বিচার কার্যকর করা আমাদের প্রধান কর্তব্য।’
বিচার হওয়া নিয়ে কোনো সন্দেহ আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, এবারের নির্বাচনটি একই সাথে সংসদ সদস্য নির্বাচন এবং গণভোটের নির্বাচন ছিল। অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে বিএনপির কোনো আপত্তি ছিল না, কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সেখানে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ সদস্য, উভয়ের কথা বলা ছিল।
আখতার হোসেন বলেন, সংস্কারের বিষয়ে তাদের অবস্থান প্রথম থেকেই দোদুল্যমান ছিল এবং তারা ‘না’ ভোটের ক্যাম্পেইনও করেছিল। তবে জনচাপে পড়ে শেষ পর্যন্ত তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেয়। বিএনপি যদি এই বৃহৎ জনগোষ্ঠীকে ওভারটেক করার চেষ্টা করে তবে তারা পারবে না; চাপে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে বাধ্য হবে।


