শৈশব মানুষের জীবনের সবচেয়ে আনন্দময় সময়। শিশুদের সময় কাটে খেলাধুলা এবং ছুটোছুটি করে। খেলা শেষে ক্লান্ত শরীরে খুশি মনে ঘরে ফিরে তারা মজা করে খায় মচমচে নাস্তা, জুস বা গরম গরম ফাস্টফুড। যা তাদের খুশির মাত্রা আরও বাড়িয়ে তোলে।
অথচ এই ক্ষণিকের আনন্দের আড়াল থেকে জন্ম নিতে পারে দীর্ঘস্থায়ী এক সমস্যা। এ ধরনের খাদ্যাভ্যাস শিশুর স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে বাড়তে পারে স্থূলতা ঝুঁকি।
স্থূলতা হলো শরীরের ওজন বেড়ে যাওয়ার একটি গুরুতর অবস্থা যা ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ এমনকি ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়াতে পারে। শিশুর ওজন যখন তার বয়স, শারীরিক গঠন এবং উচ্চতার তুলনায় অনেক বেশি হয়, তখন তাকে অতিরিক্ত ওজন বা স্থূলতা ধরা হয়।
২০২৫ সালের সেপ্টেম্বরে এ প্রকাশিত ইউনিসেফের ফ্ল্যাগশিপ চাইল্ড নিউট্রিশন প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী শিশুদের পুষ্টিতে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে, বাড়ছে অতিরিক্ত ওজন ও স্থূলতার হার।
সেখানে বলা হয়েছে, সাব-সাহারান আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া ছাড়া বিশ্বের প্রায় প্রতিটি অঞ্চলে স্কুল পড়ুয়া শিশুদের মধ্যে স্থূলতা এখন সবচেয়ে সাধারণ অপুষ্টির রূপ।
১৯০ টিরও বেশি দেশ থেকে সর্বশেষ তথ্যের ওপর ভিত্তি করে বলা হয়েছে, প্রতি পাঁচ জন শিশুর মধ্যে এক জন এবং ৫ থেকে ১৯ বছরের কিশোর-কিশোরীরা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছে, আর ১০ জনের মধ্যে এক জন স্থূলতায়। এই অবস্থা তাদের গুরুতর স্বাস্থ্যঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।
অস্বাস্থ্যকর খাবার স্থূলতার ঝুঁকি বাড়ায়
বিশ্বব্যাপী অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার বা আলট্রা-প্রসেসড ফুড নিয়ে উদ্বেগ বাড়ছে। এসব খাবারের তালিকায় রয়েছে বিস্কুট, কেক, সফট ড্রিংকস, রেডি-টু-ইট খাবার। এতে থাকে রং ও কৃত্রিম ফ্লেভারসহ নানা ধরনের উপাদান, যাতে চিনি, তেল বা লবণের পরিমাণ খুব বেশি থাকে।
এসব অস্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপন দেখে শিশুরা সহজেই প্রভাবিত হয়। রঙিন ভিজ্যুয়াল, মজার কার্টুন চরিত্র আর আকর্ষণীয় জিঙ্গেল, এসবের মাধ্যমে বিজ্ঞাপনদাতারা খাবারগুলোকে অত্যন্ত লোভনীয় করে তোলে।
শিশুরা তৎক্ষণাৎ এসব খাবারের প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং অভিভাবকদের অনুরোধ করে কিনে দিতে। অভিভাবকরা অনুরোধে ঢেঁকি গেলে।
বারবার এসব বিজ্ঞাপন দেখলে তাদের স্বাদ-পছন্দ বদলে যেতে পারে, ফলে পুষ্টিকর খাবারের পরিবর্তে তারা অস্বাস্থ্যকর খাবারকে বেশি গুরুত্ব দিতে শুরু করে। দীর্ঘদিন এমন খাদ্যাভ্যাস চললে অতিরিক্ত ওজন, স্থূলতা এবং বিভিন্ন দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যার ঝুঁকি বাড়ে।
তথ্যসূত্র: https://www.unicefusa.org/stories/unicef-reports-worldwide-surge-childhood-overweight-and-obesity


