মালয়েশিয়ার শ্রমবাজারে আশার আলো

মালয়েশিয়ার শ্রমবাজারে আশার আলো
মালয়েশিয়ায় আলোচনা বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মালয়েশিয়া শ্রমিক নিতে বাংলাদেশকে অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। আগামী কয়েক মাসে মালয়েশিয়া এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিতে পারে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সে দেশের মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘আমরা বিভিন্ন সূত্রে জেনেছি, আগামী কয়েক মাসে মালয়েশিয়া এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিতে পারে। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন, কর্মী নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবে মালয়েশিয়া।’

‘গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম বাংলাদেশ সফরে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন, শেষ মুহূর্তে যেসব কর্মী গত বছর মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি তাদের প্রবেশের সুযোগ দেবেন। এ রকম কর্মী ছিলেন ১৭ হাজারের মতো। এর ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তারা বলেছেন, ব্যাচ হিসেবে নেবেন। প্রথম ব্যাচ হিসেবে ৭ হাজার ৯২৬ জনের তালিকা মালয়েশিয়া চূড়ান্ত করেছে, খুব অল্প সময়ের মধ্যে তাদের মালয়েশিয়ায় কাজ করার সুযোগ দেওয়া যাবে।’

তিনি বলেন, ‘আমাদের একটা বড় অগ্রগতি যেটা হয়েছে, আমি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছিলাম, আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না, সিঙ্গেল এন্ট্রি পায়, অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি। তিনি আমাদের সরাসরি কিছু বলেননি, কিন্তু তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।’

আসিফ নজরুল বলেন, ‘আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। যেমন- নিরাপত্তাকর্মী, কেয়ারগিভার বা নার্স বাংলাদেশ থেকে নেওয়ার বিষয়ে। দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে তারা আগ্রহ দেখিয়েছেন, আমাদের আলোচনা অব্যাহত থাকবে। ব্যক্তিগতভাবে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রধান উপদেষ্টা আমাদের নির্দেশনা দিচ্ছেন, তার কথামতো আমরা কাজ করছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad