রাজধানীর কদমতলী থানাধীন শনির আখড়া এলাকায় আলো (১৪) নামে এক মাদ্রাসাছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে নিজ বাসায় এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আলো স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। আজ বিকেল ৫টার দিকে পরিবারের সবার অগোচরে শনির আখড়ার ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে গলায় ফাঁস দেয়।
বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাত ৮টার দিকে ঢামেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কিশোরীকে মৃত ঘোষণা করেন।
মৃত কিশোরীর বাবা মো. রাসেল জানান, কী কারণে আলো এমন পথ বেছে নিয়েছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না। ঘটনার আগে পরিবারের কারও সঙ্গে তার কোনো ঝগড়া বা মনোমালিন্য হয়নি। ফলে তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


