জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ১ (গঙ্গাচড়া ও রসিকের ১-৯ নম্বর ওয়ার্ড) আসনে জাতীয় পার্টির প্রার্থী মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে মঞ্জুম আলীর পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম, মোহাম্মদ হোসেন লিপু, সৈয়দ মামুন মাহবুব। বিএনপির প্রার্থীর পক্ষে শুনানি করেন আইনজীবী বদরুদ্দোজা বাদল।
এর আগে গত ১৭ জানুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন ওই আসনের বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন।
জানা যায়, হলফনামায় দ্বৈত নাগরিকত্ব উল্লেখ করা নিয়ে গত ১ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে রংপুর জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করেন।
এরপর মনোনয়ন ফিরে পেতে তিনি আপিল করলে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর বিরুদ্ধে রিট করা হলে ২১ জানুয়ারি হাইকোর্ট রংপুর ১ আসনে মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে। আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রেখেছে।


