খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার এক সংবাদ বিবৃতিতে আসক জানায়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ১৪ জুলাই রাত ১২টার দিকে খুলনা নগরীর জাতিসংঘ শিশুপার্ক সংলগ্ন এলাকায় কয়েকজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন শেষে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা সশস্ত্র দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে গুলির স্প্লিন্টারের আঘাতে একজন সাংবাদিক আহত হন।
আসক বলেছে, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তির জীবন ও নিরাপত্তার ওপর আঘাত নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারের ওপরও সরাসরি আঘাত।
সংগঠনটি আরও জানায়, সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন বা সহিংসতার মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার যেকোনো প্রচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের পরিপন্থী। সাংবাদিকরা যেন নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও আন্তর্জাতিক মানবাধিকারসংক্রান্ত বাধ্যবাধকতার অংশ।
বিবৃতিতে আসক উল্লেখ করে, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক চুক্তি (আইসিসিপিআর)-এর ১৯ অনুচ্ছেদ অনুযায়ীও মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
আসক অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।


