পাবনার ঈশ্বরদীতে বাস চাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র্যাক অফিসে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন এবং দাশুড়িয়া বাজার এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন।
আরও পড়ুন: মাগুরায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ওই ব্যক্তি সকালে মোটরসাইকেল নিয়ে মাঠ পর্যায়ে কাজের উদ্দেশে বের হয়েছিলেন। তিনি পাবনা থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে অনেকদূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


