সিলেটের জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় করা মামলায় ছাত্রদল ও যুবদলের চার নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে এ আদেশ দেন সিলেট জেলা ও দায়রা জজ আদালত। এর আগে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামিরা।
সিলেট জেলা জজ কোর্টের সরকারি পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আশিক উদ্দিন বলেন, সোমবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন- গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সুমন শিকদার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিস্কৃত) জাহিদ খান।
চলতি বছরের ১৪ জুন সকালে জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাদের গাড়িবহর আটকে দেন বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা। এ সময় জাফলংসহ সিলেটের পাথর কোয়ারিগুলো চালুর দাবিতে স্লোগান দেন তারা।
এ ঘটনায় ১৫ জুন রাতে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক ওবায়েদ উল্লাহ। মামলায় সরকারি কাজে বাধাদান, গাড়ি আটক ও অবরোধের অভিযোগ আনা হয়।


