নাটকীয়তা যেন শেষই হচ্ছে না এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে। বাংলাদেশের ভারতে খেলতে না চাওয়া, স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করার পর সর্বশেষ ঘটনা ছিল পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট। তারই ধারাবাহিকতায় এবার রোববার বিকেল থেকে লাহোরে চলছে আইসিসির জরুরি এক মিটিং, যেখানে উপস্থিত রয়েছেন পিসিবি প্রেসিডেন্ট মহসিন নাকভি ও বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল।
ত্রিমুখী এই বৈঠকের আলোচ্য বিষয়বস্তু জানানো হয়নি পিসিবির পক্ষ থেকে। তবে বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর, যেকোনো মূল্যে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করতে চায় আইসিসি, যেকারণে আয়োজিত হচ্ছে এই বৈঠক।
আইসিসির দুজন প্রতিনিধি এই বৈঠকের জন্য পৌঁছেছেন লাহোরে। তারা হলেন- আইসিসির সহ-সভাপতি ইমরান খাজা ও প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা। তাদের মধ্যে সংযোগ গুপ্তা বৈঠকে যোগ দেবেন ভার্চুয়ালি। পাকিস্তান সময় অনুযায়ী বিকেল ৪.৩০টায় অনুষ্ঠিত হয় এই বৈঠক, বাংলাদেশ সময় যা সন্ধ্যা ৫.৩০টায়। ধারণা করা হচ্ছে এই বৈঠক শেষে আসতে পারে বড় কোনো সিদ্ধান্ত।
এর আগে বাংলাদেশকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পিসিবি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানান। যেই ঘোষণার পর নড়েচড়ে বসে আইসিসি। ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য বেশ কয়েকবার পাকিস্তানকে রাজি করানোর চেষ্টাও করা হয়েছে। তবে কোনোকিছুতেই আসেনি ফলপ্রসূ ফলাফল। তাই ধারণা করা হচ্ছে এবার বিসিবিকে সাথে নিয়ে পাকিস্তানকে ম্যাচ খেলার জন্য রাজি করাতে আয়োজন করা হয়েছে এই জরুরি বৈঠকের।
উল্লেখ্য, আইপিএলের এবারের নিলামে ৯ কোটি ২০ লাখ রূপিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কিনে কোলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশ-ভারত উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে কেকেআর টিম ম্যানেজমেন্টকে নির্দেশ দেয় বিসিসিআই। সেই নির্দেশ মেনে কাটার মাস্টারকে স্কোয়াড থেকে সরিয়ে দেয় কোলকাতা।
এরই ধারাবাহিকতায় নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি। শ্রীলঙ্কায় ভেন্যু বদলানোর আবেদন করা হয় আইসিসির কাছে। দফায় দফায় আলোচনার পর গত মাসের শেষদিকে আইসিসি থেকে জানানো হয় বাংলাদেশকে। বাংলাদেশ শেষ অব্দি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত স্কটিশরা সুযোগ পায় বিশ্বকাপে। এরই প্রতিবাদে ভারত ম্যাচ বয়কট করে পাকিস্তান।


