লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থী ড. রেজাউল করিমের সঙ্গে লড়তে চান এম. জে. এইচ মঞ্জু।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মঞ্জু লড়তে চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে।
সম্প্রতি এই আসনে বিএনপির ধানের শীষের প্রাথমিক মনোনয়ন পান শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। অন্যদিকে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এ আসনে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম লড়বেন বলে স্থানীয় রাজনীতিতে গুঞ্জন রয়েছে।
এনসিপির হয়ে নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে এম. জে. এইচ মঞ্জু বলেন, ‘আমি এনসিপি থেকে লড়তে চাই। এই আসনে যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীরাও ফ্যাসিবাদের দ্বারা নির্যাতিত। আমিও জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রাজপথে লড়াই করেছি। আশাকরি ভোটাররা জুলাইয়ে আমার অবদান স্মরণ করবেন।’
দল মনোনয়ন দিয়ে তাকে এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ দেবে, এমন প্রত্যাশার কথাও জানালেন তিনি।
ক্ষমতা বা সুবিধার জন্য রাজনীতি করতে আসেননি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এসেছি মানুষের পাশে দাঁড়াতে, এলাকার মানুষের কষ্ট, দাবি দাওয়া ও তাদের স্বপ্নকে রাষ্ট্রের টেবিলে তুলে ধরতে।’
এই এলাকার মানুষের মধ্যে সীমাহীন সম্ভাবনা আছে বলে মনে করেন এম. জে. এইচ মঞ্জু। তারুণ্যের শক্তি, কৃষকের পরিশ্রম এবং শ্রমজীবী মানুষের ঘামে দেশকে এগিয়ে নিতে হবে বলে মনে করেন তিনি। সেজন্য সবাইকে সঙ্গে নিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশার কথা জানান।
এম. জে. এইচ মঞ্জু রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে চলাকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলেন। পরবর্তীতে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হন।


