জামাল ভুইয়া-হামজা চৌধুরীদের পথ ধরে বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের দেশে ফেরার হিড়িক লেগেছে যেন। বয়সভিত্তিক দল কিংবা নারী দল; কেউ না কেউ আছেনই। সেই ধারাবাহিকতায় কদিন আগেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলে যোগ দিয়েছেন রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান। এই দুই সহোদরের মধ্যে বড় সুলিভান অর্থাৎ রোনানের জোড়া গোলে মঙ্গলবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। অভিষেকও রাঙিয়েছেন চোখ ধাঁধানো দুই গোলে।
মালদ্বীপের মালেতে এই ম্যাচের জন্য আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন সুলিভান ব্রাদার্স। ডেকলান মাঠে নামার সুযোগ না পেলেও রোনানের ঝলক দেখা গেছে পুরো ম্যাচেই, বিশেষত দ্বিতীয়ার্ধে। প্রথমবার বাংলাদেশের জার্সি গায়ে নেমে খুব বেশি সুবিধা করতে পারেননি রোনান। সতীর্থদের কাছ থেকে ফাইনাল থার্ডে ঠিকমতো বলও পাচ্ছিলেন না। তবুও চেষ্টা চালিয়ে যান তিনি, বারবার প্রতিপক্ষের ডী=বক্সে ঢুকে গিয়ে। যদিও গোল শূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।
তবে দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ম্যাচের ৫৩ তম মিনিটে ফ্রি-কিক পায় বাংলাদেশ, পাকিস্তানের রক্ষণ দেয়াল টপকে ডান পায়ের দারুণ এক কিকে বল জালে জড়ান রোনান। গোলরক্ষক ছিলেন তখন দর্শকের ভূমিকায়। এখানেই শেষ নয়। ৬৭ তম মিনিটে লেফট উইং থেকে ভেসে আসা ক্রসে হেড করে লক্ষ্যভেদ করেন রোনান। ব্যবধান হয় ২-০। এরপর গোল না হলেও জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।


