গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে মা ও তার শিশুপুত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনের রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার চিনাশুখানীয়া এলাকার বৃন্দাবন চন্দ্র দাসের মেয়ে মিতি রানী দাস (৩৯) এবং তার দুই বছর বয়সী ছেলে রুদ্র দাস।
রেল পুলিশ জানায়, রাজেন্দ্রপুর এলাকায় রেললাইনে ট্রেনে কাঁটা পড়ে ঘটনাস্থলেই মিতি রানী দাস মারা যান। গুরুতর আহত অবস্থায় তার শিশু ছেলে রুদ্র দাসকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তারও মৃত্যু হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাইয়ুম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
তিনি আরও জানান, ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


