খিলগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে মারধরে ব্যবসায়ীর মৃত্যু

খিলগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে মারধরে ব্যবসায়ীর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর খিলগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে মারধরের শিকার হয়ে কামরুজ্জামান খান দিপু (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

খিলগাঁও থানা পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মুগদা জেনারেল হাসপাতাল থেকে দিপুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, নিহত দিপু খিলগাঁও সি ব্লকের স্থায়ী বাসিন্দা এবং শামসুদ্দিন খানের ছেলে। তিনি এলাকায় পানির ব্যবসা করতেন।

পুলিশের ভাষ্য, গত ২৯ জুলাই সন্ধ্যায় খিলগাঁও থেকে ভ্যানে তুলে দিপুকে শাহজাহানপুর এলাকায় নিয়ে মারধর করা হয়। পরে রাতে তাকে খিলগাঁও রেলগেট এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তার স্বজনদের খবর দেন। পরে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জরুরি ভিত্তিতে আইসিইউতে ভর্তি করার পরামর্শ দেন। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে স্বজনরা তাকে বাসায় নিয়ে যান। পরে শুক্রবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে মুগদা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad