নারায়ণগঞ্জ ফতুল্লার মহিলা মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ ছাত্রী দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম জিদনি (১৪)। এনিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ জনে।
বুধবার সকাল ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটর আইসিইউতে মারা যায় সে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সুলতান মাহমুদ। তিনি জানান, জিদনির শরীরের ৮২ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে মঙ্গলবার বিকালে মারা যায় আরেক শিক্ষার্থী আতিয়া (১১)। বর্তমানে লামিয়া (১৩) নামে আরেক শিক্ষার্থী শরীরে ৫৫ শতাংশ দগ্ধ নিয়ে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
সুলতান মাহমুদ জানান, দগ্ধ বাকি দুই শিক্ষার্থী আছিয়া ও সুমাইয়ার ক্লিনিক্যাল কন্ডিশন বর্তমানে স্থিতিশীল। তাদের ওয়ার্ডে শিফট করা হয়েছে।
গত শনিবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশিপুর হাজীপাড়া ‘মাহেলা খাতুন বালিকা মাদ্রাসার’ ছাদে বৈদ্যুতিক সটসার্কিটে ৫ শিক্ষার্থী দগ্ধ হয়।
দগ্ধরা জানায়, ওইদিন বিকালে তারা ৩ তলা মাদ্রাসা ভবনটির ছাদে খেলা করছিল। তখন পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের মধ্যে গোলযোগ হওয়ায় আগুন ধরে যায়। মুহূর্তেই সেই আগুনে ঝলসে যায় ৫ শিক্ষার্থী।


