রাজধানীর দক্ষিণখানে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানিয়েছে, সোমবার রাত পৌনে ৯টার দিকে আশকোনার নদ্দাপাড়া তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত ‘শাহজাহান ডিলার’ নামের এক ব্যবসায়ীর ওপর হামলা চালায়।
তিনি ইন্টারনেট সংযোগ ব্যবসা ও ভূমি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
হামলাকারীরা কোনো কথা না বলে ধারালো চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
গুরুতর অবস্থায় তিনি সড়কে লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে দক্ষিণখান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এতে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।


