রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় আমেনা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী মাছের আড়তের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাতি মো. জাবেদ জানান, যাত্রাবাড়ী মাছের আড়তের পাশে রাস্তা পার হওয়ার সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান আমেনা বেগমকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায়। আমেনা বেগমের স্বামীর নাম সোলোমান দেওয়ান।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


