নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয় ঘেরাও কর্মসূচিতে অনুপস্থিত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটের ৩৩ জন নেতাকর্মীর কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে সংগঠনটি। বিষয়টিকে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক দায়িত্ববোধের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে দেখছে জাবি ছাত্রদল।
সোমবার মধ্যরাতে জাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ অন্তরের স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১০টি হল ইউনিটের এসব নেতাকর্মীকে শোকজ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ও ১৯ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্বঘোষিত একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে দায়িত্বশীল সব নেতাকর্মীর উপস্থিতি বাধ্যতামূলক ছিল। তবে হল পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট নেতারা কোনো পূর্ব অবহিতকরণ বা অনুমতি ছাড়াই কর্মসূচিতে অংশ নেননি।
শোকজপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আল বেরুনী হল, শহীদ সালাম বরকত হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, নবাব সলিমুল্লাহ হল, শহীদ তাজউদ্দীন আহমদ হল, শহীদ রফিক জব্বার হল, মীর মশাররফ হোসেন হল, শেরে বাংলা এ কে ফজলুল হক হল, আ ফ ম কামাল উদ্দীন হল এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদধারীরা।
প্রেস বিজ্ঞপ্তিতে নেতাদের অনুপস্থিতিকে দায়িত্বহীনতা হিসেবে উল্লেখ করে বলা হয়, এ ধরনের আচরণ শুধু দলীয় শৃঙ্খলার পরিপন্থী নয়, বরং একজন দায়িত্বশীল নেতার ন্যূনতম সাংগঠনিক দায়বদ্ধতাকেও প্রশ্নের মুখে ফেলে।
নোটিশপ্রাপ্ত নেতাকর্মীদের আগামী দুই কার্যদিবসের মধ্যে অনুপস্থিতির সুস্পষ্ট ও যুক্তিসংগত ব্যাখ্যা লিখিতভাবে জাবি ছাত্রদলের দপ্তর ও সহদপ্তর সম্পাদকের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


