দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. আতাউর রহমান আতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
এ ছাড়া আতা দীর্ঘদিন ধরে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করেছিলেন এবং তার সাম্প্রতিক প্রকাশ্য বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলেও জানানো হয়।
একই বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম ফিরোজকে স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করার সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে রোববার মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতার মনোনয়ন অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এ সময় তিনি বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণায় আপত্তি জানান।
আতা অভিযোগ করেন, প্রমাণপত্র উপস্থাপনের সুযোগ না দিয়ে তাকে থামিয়ে দেওয়া হয় এবং পরে কয়েকজন দলীয় নেতাকর্মী তাকে ধাক্কা ও গালিগালাজ করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে তার মনোনয়নপত্র বৈধ হয়। বিষয়টি স্থানীয় রাজনীতিতে আলোচনার সৃষ্টি করেছে।


